প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম
34
শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --
বিদ্যুৎ বন্ধে গ্রাহকরা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ
পঞ্চগড়ে রোববার (৫ এপ্রিল) বিকেলে বিদ্যুতের লাইনে কাজ করার সময় নেসকোর একজন লাইনম্যান শাহীন আলম বিদ্যুতায়িত হয়ে মারা গেলে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর প্রতিবাদে সোমবার (৬ এপ্রিল) দুপুর থেকে বিক্ষুব্ধ গ্রাহকরা পঞ্চগড় জেলা রেজিস্ট্রি অফিসের সামনে এবং ধাক্কামারা গোলচক্কর এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং হাজারও যানবাহন আটকা পড়ে। প্রায় চার ঘণ্টা পর বিকেল চারটায় প্রশাসনের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
স্থানীয়রা জানায়, ধাক্কামারা এলাকার বিদ্যুতের লাইনে কাজের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নেসকো কর্তৃপক্ষ রাতভর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করলেও অধিকাংশ এলাকায় বন্ধ থাকে। ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ সরবরাহ স্থায়ীভাবে শুরু না হওয়ায় মহাসড়ক অবরোধ করেন।
নেসকোর নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, “লাইনের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন ক্রস হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। নিরাপত্তার কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।”
ঘটনার পর নেসকো নিহত লাইনম্যানের স্ত্রীকে চাকরির ব্যবস্থা এবং দুই লাখ টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে।