প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
25
শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --
চাঁদপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক ঘটনা
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি পুকুরে ডুবে দুই ভাইয়ের প্রাণহানি ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবুল বাশার ও শাহীনা বেগমের দুই সন্তান, ইয়াসিন (৮) ও রাসেল (৬)। স্থানীয় রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
চেয়ারম্যান জানান, শিশু দুই ভাই একই হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতেন। রোজকার মতো মাদরাসা থেকে বাড়ি ফিরে তারা পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন এবং পরে তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
নিহতদের বাবা আবুল বাশার বলেন, “আমি একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষ। সকালে দুই ছেলেকে খাওয়াদাওয়া দিয়ে মাদরাসায় পাঠিয়েছিলাম, এরপর বাজারে ভিক্ষা করতে গিয়েছিলাম। কিন্তু খবর পাই, আমার দুই ছেলে পানিতে পড়ে মারা গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেল।”
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দ্রুত দাফনের অনুমতি দেওয়া হয়েছে।