শুক্রবার ১০, এপ্রিল ২০২৬

শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --

ময়মনসিংহে হামের প্রকোপ বৃদ্ধি: এক দিনে হাসপাতালে ২৪ শিশু ভর্তি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

24

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭২ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এসব শিশু ভর্তি হয়েছেন। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ২৪৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ১৭০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক বা দুই শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হতে শুরু করেছিলেন। কিন্তু মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।

বর্তমানে হামের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম শিশুর চিকিৎসা ও সেবা দিচ্ছে। আজ সকাল পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষায় ৬৮ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২৪ শিশু ভর্তি হয়েছে। তবে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

Link copied!