শুক্রবার ১০, এপ্রিল ২০২৬

শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে সংবর্ধনা, আর্থিক পুরস্কার ও ক্রীড়া কার্ড প্রদান

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

29

সাফজয়ী বাংলাদেশ যুব ফুটবল দল সংবর্ধনা

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে সরকার। একই সঙ্গে খেলোয়াড় ও কর্মকর্তাদের আর্থিক পুরস্কার এবং ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজয়ী দলের সদস্যদের হাতে নগদ এক লাখ টাকা করে পুরস্কার এবং ক্রীড়া কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য স্মরণ করেন এবং ভবিষ্যতে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে অনেক সংগঠক অতীতে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। অনেক সময় তারা ব্যক্তিগত সম্পদ বিক্রি করে খেলোয়াড়দের সহায়তা করেছেন, যা ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, ক্রীড়া ব্যক্তিত্বদের যথাযথ সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি হবে। সরকার সবসময় তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর উন্নয়নে একটি টেকসই কর্পোরেট কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এর মাধ্যমে ফেডারেশনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছে। অতীতে আর্থিক সংকটে ফেডারেশনগুলোর যে সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তা দূর করাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!