শুক্রবার ১০, এপ্রিল ২০২৬

শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --

শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

27

যে দলের বিপক্ষে আগের পাঁচ ম্যাচের সবকটিতেই জয়, সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবার তেমন লড়াই করতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের তিক্ততা পেল লাল-সবুজের দলটি।

ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল দল।

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’র টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা।

‎উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে আসা শ্রীলঙ্কা ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায়। ১৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। ১-১ স্কোরে শেষ হয় প্রথম কোয়ার্টার।


দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় শ্রীলঙ্কা। একের পর এক আক্রমণে দ্বিতীয় গোল আদায় করে নেয় তারা। ১৬ মিনিটে শ্রীলঙ্কাকে এগিয়ে দেওয়া গোলটি করেন কুশল উইরাপ্পুলি।


তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ পারেনি ব্যবধান ঘোচাতে। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ব্যবধান আরও বাড়িয়ে নেয় শ্রীলঙ্কা। ৪৯তম মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে আমিরুল ইসলামের লক্ষ্যভেদে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ, কিন্তু বাকি সময়ে সমতাসূচক গোল তুলে নিতে পারেনি দল।

সোমবার প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Link copied!