শুক্রবার ১০, এপ্রিল ২০২৬

শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --

চন্দনাইশে অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ: বিএনপির কাছে ব্যাখ্যা চাইল এলডিপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

29

ড. কর্নেল (অব.) অলি আহমদ

চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ঘটনায় বিএনপির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে এলডিপি।

রোববার (৫ এপ্রিল) বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে। এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক এ চিঠি প্রেরণ করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ৪ এপ্রিল বিকেলে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে অলি আহমদকে রাজাকার আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়। একইসঙ্গে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এলডিপির দাবি, অলি আহমদ একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা, যার স্বীকৃতি ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে প্রকাশিত হয়েছে। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি অযৌক্তিক ও অনভিপ্রেত বলে মনে করে দলটি।

ওমর ফারুক অভিযোগ করেন, বিক্ষোভ চলাকালে এলডিপির কার্যালয়ে হামলার উসকানি দেওয়া হয় এবং অলি আহমদের ছবি সংবলিত বিলবোর্ড ভাঙচুর করা হয়। তিনি আরও বলেন, একটি বক্তব্যকে কেন্দ্র করে এসব কর্মসূচি নেওয়া হলেও সেই বক্তব্যের নির্দিষ্ট উদ্ধৃতি, সময়, স্থান বা প্রেক্ষাপট কোথাও স্পষ্টভাবে তুলে ধরা হয়নি।

চিঠিতে বিএনপির কাছে চারটি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে— কোন বক্তব্যকে কটূক্তি হিসেবে ধরা হয়েছে, তার পূর্ণ বিবরণ কী, এই কর্মসূচি দলীয় অনুমোদনে হয়েছে কি না এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে কী অবস্থান নিয়েছে।

এলডিপি আরও জানিয়েছে, অভিযোগগুলো প্রমাণিত না হলে তা মানহানি এবং জনশৃঙ্খলা বিঘ্নের শামিল হতে পারে। সেক্ষেত্রে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হবে।

সোমবার (৭ এপ্রিল) ওমর ফারুক বলেন, কর্নেল অলি আহমদ কী বক্তব্য দিয়েছেন তা স্পষ্ট নয়, তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তা জানেন দাবি করছেন। এজন্যই বিএনপি মহাসচিবের কাছে জানতে চাওয়া হয়েছে, এটি দলীয় নির্দেশনায় হয়েছে নাকি স্থানীয়ভাবে ঘটেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এলডিপির প্রার্থী ছিলেন ওমর ফারুক, যেখানে তিনি অল্প ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের কাছে পরাজিত হন। ড. অলি আহমদ একসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং ২০০৬ সালে দল ছেড়ে এলডিপি গঠন করেন।

Link copied!