প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
28
শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --
মাদারীপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান
মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে দালাল ও চাঁদাবাজদের কার্যক্রম বন্ধে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। অভিযানের সময় অফিসের মূল ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান করে সরাসরি তদারকি করেন তিনি।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অভিযান চলাকালে এমপি জাহান্দার আলী মিয়া অফিসে থাকা দলিল লেখক, জমির ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশনা দেন। তিনি ৪৭ জন নিবন্ধিত দলিল লেখক এবং প্রত্যেকের একজন করে সহকারীর তালিকা ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেন।
জানা গেছে, সহকারী পরিচয়ে বহিরাগতদের মাধ্যমে দালালি ও চাঁদাবাজি চালানোর অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি চললেও এই ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। অভিযানে চাঁদা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, নিয়মিতভাবে সরকারি দপ্তরগুলোতে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। দলিল লেখক ও অনুমোদিত সহকারী ছাড়া অন্য কোনো ব্যক্তি অফিসে দালালি বা অবৈধ কার্যক্রমে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।