প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম
23
শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --
নড়াইলের কালিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য (৭৩) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় অভিযুক্তরা হলেন আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭), এবং মাহিদুল শেখ (৩৫)।
রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এই ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য মৃত সন্তোষ আর্চয্যের ছেলে। অভিযুক্তরা একই গ্রামের আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন ও মাহিদুল শেখ ফজর শেখের ছেলে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোষীদের ধরার অভিযান চলছে।
স্থানীয়রা জানায়, কৃষ্ণপদ আর্চয্য কালিয়া বাজার থেকে বাড়ি ফেরার সময় সুমন, মিলন ও মাহিদুল তার উপর অতর্কিত হামলা চালান। তারা তাকে মাথা, হাতে-পায়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় আহত বীর মুক্তিযোদ্ধা জানান, মনশা মন্দিরের জমি ও তার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সঙ্গে মামলা চলছিল। মামলার জের ধরে কাল বাজার থেকে ফেরার সময় তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন এবং যথাযথ বিচার চাইবেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।