প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
25
শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --
নারী ও শিশু সুরক্ষা বিষয়ক সভা
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানান, নির্বাচনী ইশতেহারে থাকা নারী ও শিশু সুরক্ষা সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার গুলশানে একটি হোটেলে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ: রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক বিষয়গুলোর মধ্যে নারী ও শিশু সুরক্ষা অন্যতম। এ ক্ষেত্রে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, দেশের মোট জনসংখ্যার বড় অংশ নারী ও শিশু। তাদের সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী জানান, নারী প্রধান পরিবারগুলোর সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।
তিনি আরও বলেন, দেশে নারী ও শিশু সুরক্ষায় পর্যাপ্ত আইন রয়েছে, তবে এসব আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পরিবার থেকেই শিশুদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমাজে মাদকাসক্ত তরুণদের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, তারা সামাজিক অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তাই তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে এসব থেকে দূরে রাখতে হবে।
ভবিষ্যতে আরও শক্তিশালী আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং সরকার ও বেসরকারি সংস্থার অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে নারী ও শিশু সুরক্ষা আরও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে নারী ও শিশু অধিকার সুরক্ষায় বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ, শিশু শ্রম নির্মূল এবং মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রী এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এসব সুপারিশ গুরুত্বসহকারে বিবেচনা করে ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।