শুক্রবার ১০, এপ্রিল ২০২৬

শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --

কুলাউড়ায় নিম্নমানের বীজ বিতরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ এএম

60

কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরবরাহকৃত রবি মৌসুমে বীজের মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। নিম্নমানের বীজ ব্যবহারের কারণে রবি মৌসুমে আশানুরূপ ফলন না হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সরেজমিনে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাতাবপুর, ইসমাইলপুর ও রজনপুর গ্রামে গিয়ে দেখা যায়, তরমুজ ও টমেটো চাষে কাঙ্ক্ষিত ফলন হয়নি। অনেক জমিতে বীজের অঙ্কুরোদগম হয়নি, আবার কোথাও গাছ বড় হলেও ফলন খুবই কম।

স্থানীয় কৃষক ইমরান আলী ও হাসান আহমদসহ একাধিক কৃষক অভিযোগ করে বলেন, তারা কুলাউড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া বীজের ওপর আস্থা রেখে চাষাবাদ করেন। কিন্তু মৌসুম শেষে দেখা যাচ্ছে, অধিকাংশ জমিতে বীজের মান ভালো না হওয়ায় উৎপাদন আশানুরূপ হয়নি।

কৃষক ইমরান আহমদ (৪৪) ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি ৩০ শতক জমিতে প্রায় ২০ হাজার টাকা খরচ করে তরমুজ চাষ করেছি। কুলাউড়া উপজেলা কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করেছি। কিন্তু বীজের মান নিম্ন হওয়ায় ভালো ফলন পাইনি। ভালো ফলন হলে প্রায় এক লাখ টাকার মতো আয় করতে পারতাম। এখন আমরা চরম ক্ষতির সম্মুখীন।

অন্যদিকে তরুণ কৃষক হাসান আহমদ (২৫) বলেন, “আমি ১৫ শতক জমিতে প্রায় ২০০০টি টমেটোর চারা রোপণ করেছি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও গাছে কাঙ্ক্ষিত ফল আসেনি। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।”

ক্ষতিগ্রস্ত কৃষকরা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন কৃষকদের আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি এবং ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করেছি। সরবরাহকৃত বীজ উন্নতমানের। তরমুজ শীতকালীন ফসল হওয়ায় অনেক ক্ষেত্রে দেরিতে রোপণ করায় ফলন কম হয়েছে। টমেটোর ক্ষেত্রেও পরীক্ষামূলকভাবে কিছু বীজ বিতরণ করা হয়েছে। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকি এবং ভালো ফলন নিশ্চিত করতে কাজ করছি।”

Link copied!