শুক্রবার ১০, এপ্রিল ২০২৬

শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম

32

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান কখনো ‘সংস্কার’ করা হয় না; বরং এটি রহিত, স্থগিত বা ‘সংশোধন’ করা হয়। তিনি এই মন্তব্যটি রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংশোধন প্রস্তাবের আলোচনায় অংশগ্রহণকালে করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সকল দলের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের উদ্দেশ্যকে সম্মান জানানো হবে এবং ২৪-এর জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্রের মূল ভাবনা সংবিধানে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করা হয়েছে। এটি চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তবে ৭১-এর স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা করা যায় না বলে তিনি সতর্ক করেন।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক ‘আইনি প্রতারণা’ বা লেজিসলেটিভ ফ্রড হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলোর বিষয়ে সার্বভৌম সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিশেষভাবে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণাকে বিলুপ্ত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭শে মার্চ কালুরঘাট থেকে প্রোভিশনাল হেড অফ স্টেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই প্রকৃত ইতিহাস সংবিধানে পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের মূলনীতির মধ্যে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করার ইচ্ছা প্রকাশ করেন। এটি পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরবর্তী ফ্যাসিস্ট সরকার অপসারণ করে। তিনি বলেন, জুলাই সনদে এটি থাকার কথা থাকলেও কিছু দলের আপত্তির কারণে বাদ দেওয়া হয়েছিল।

তিনি জানান, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় সংসদের মাধ্যমে। ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তনের ম্যান্ডেট দেওয়া হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।

বিরোধী দলের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যরা মিলে বিশেষ সংসদীয় কমিটিতে বসে আলোচনা করবে এবং সংবিধান কীভাবে সংশোধন হবে তা নির্ধারিত হবে; কোনো বাইরের নির্দেশনা বা প্রেসক্রিপশন প্রযোজ্য হবে না।

Link copied!