কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা ও বাইসাইকেলের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সেলিম মিয়া (৩৫)। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। আহতরা হলেন- ওই পৌর সদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া ও পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস উপজেলার বরাটিয়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত একটি অটোরিকশা ও একটি সাইকেলকে প্রচন্ড বেগে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিম নামে অটোরিকশার এক যাত্রী নিহত হন। এসময় বাইসাইকেল আরোহী ও অটোরিকশাচালক এবং অপর এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অজ্ঞাত পরিচয়ের একজনের মৃত্যু হয়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বায়োজিদ বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং কিশোরগঞ্জ নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।