শুক্রবার ১০, এপ্রিল ২০২৬

শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম

28

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশকে আরও টেকসই ও গতিশীল করতে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করা হয়েছে। এই নবগঠিত পরিষদের প্রথম বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশের ইতিহাসে এই প্রথম বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে এমন একটি উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, যার মাধ্যমে ব্যবসায়ী নেতারা সরাসরি সরকারের কাছে তাদের মতামত ও প্রস্তাব উপস্থাপনের সুযোগ পাচ্ছেন। এর ফলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নির্ধারণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রাধিকার নিয়ে কার্যকর আলোচনা সম্ভব হবে।

এই পরিষদের সদস্য হিসেবে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন— এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, র‍্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় পরিষদের সদস্যরা দেশের বিদ্যমান ব্যবসায়িক পরিবেশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। আলোচনায় নিয়ন্ত্রক কাঠামো, জ্বালানি পরিস্থিতি, মানবসম্পদ উন্নয়ন, করনীতি, লজিস্টিকস ব্যবস্থা, রপ্তানি খাতের বৈচিত্র্য এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

একটি স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের এই উদ্যোগকে পরিষদের সদস্যরা ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত এই পরিষদ বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সারসংক্ষেপ প্রস্তাবনা প্রস্তুত করবে। এতে দেশের ব্যবসায়িক পরিবেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সুস্পষ্ট ও কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

প্রধানমন্ত্রী পরিষদের সদস্যদের আন্তর্জাতিক মানদণ্ড ও অন্যান্য দেশের সফল নীতি ও আইনি কাঠামো বিশ্লেষণের পরামর্শ দেন। এর মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের সমন্বয়কারী সংস্থা হিসেবে বিডা এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বেসরকারি খাতের মতামতকে কাঠামোবদ্ধভাবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পরিষদ গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নিতে দক্ষ ব্যবসায়িক নেতৃত্বকে একত্রিত করার এই উদ্যোগ প্রশংসনীয়।

Link copied!