ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ শুক্তাগড় মোল্লারহাট এলাকায় সরকারি খাল ও সড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক করাতকল মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, দক্ষিণ শুক্তাগড় এলাকার বাসিন্দা ও করাতকল ব্যবসায়ী মো. আবুল কাশেম সরকারি রাস্তা সংলগ্ন রেকর্ডভুক্ত খালের মধ্যে বড় আকারের মেহগনি গাছের পাইলিং দিয়ে মাচা তৈরি করে তার ওপর প্রায় ৫০ বর্গহাত আয়তনের দুটি দোকানঘর নির্মাণ করছেন। এর মধ্যে একটি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে এবং অন্যটির কাজ চলমান রয়েছে। এছাড়া রাস্তায় গাছ রেখে চলাচলে বিঘ্ন ও গাছবোঝাই ভারি যান চলাচল করিয়ে রাস্তা বেহাল করেছে।
অভিযোগকারী মো. দুলাল ফকির বলেন, খালের ওপর স্থাপনা নির্মাণ এবং সড়কে গাছ ফেলে রাখার কারণে স্থানীয় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বর্ষা
মৌসুমে কৃষকদের নৌকা চলাচল ও কৃষিকাজেও সমস্যা দেখা দিচ্ছে।
তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. আবুল কাশেম। তিনি দাবি করে বলেন, “যে জায়গায় ঘর নির্মাণ করা হচ্ছে, সেই খাল আমাদের পৈতৃক জমির মধ্যে। খালের পাড় ভেঙে যাওয়ায় খালের মধ্যে পাইলিং হিসেবে খুঁটি দিয়ে ঘর উঠিয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যে ঘর নির্মাণ করা হচ্ছে, সেটি আমার ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করা হবে”।
এ বিষয়ে ইউএনও রিফাত আরা মৌরি ও সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজীব জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খাল বা সরকারি জমি দখল মুক্ত রাখতে উপজেলা কঠোর অবস্থানে রয়েছে।