ব্যবসায়ীদের অধিকার, বিনিয়োগবান্ধব পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান
কুষ্টিয়া প্রতিনিধি : উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা-২০২৬।
জেলার ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে গত শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া চেম্বার ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাজী আবু জাফর মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুষ্টিয়া জেলা আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মেজবার রহমান, সহ-সভাপতি কাজী রফিকুর রহমান রফিক এবং পরিচালকদের মধ্যে ছিলেন মো. ফুয়াদ রেজা ফাহিম, আখতারুজ্জামান কাজল মাজমাদার, পারভেজ মাজমাদার, আবু মনি জুবায়েদ রিপন, হাজী মো. এমরানুর রহমান, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, জিহাদুজ্জামান, শাহাবুদ্দিন, হাজী রবিউর রহমান, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, উত্তম সাহা, ইমরান হোসাইন ও হামিদুর রহমানসহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবুর রহমান বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণভোমরা। তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও ব্যবসায়িক স্বাধীনতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় ব্যবসায়ীবান্ধব নীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক সংকট, কর ব্যবস্থার অস্বচ্ছতা এবং ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক চাপ দেশের বাণিজ্যিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে পণ্য উৎপাদন, বিপণন ও বিনিয়োগ করতে পারেন, সেজন্য একটি স্থিতিশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীদের জন্য সহজ ঋণনীতি, কর রেয়াত এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ প্রণয়নের উদ্যোগ নিলে ভালো হবে।
সভাপতির বক্তব্যে হাজী আবু জাফর মোল্লা বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল কর্মকান্ডই জাতীয় উন্নয়নের ভিত্তিকে আরও সুদৃঢ় করে। চেম্বার কেবল ব্যবসায়ীদের একটি সংগঠন নয়; এটি কুষ্টিয়ার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে এবং নতুন বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে। ব্যবসায়ী সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা কুষ্টিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে পারে। চেম্বার সরকারের সঙ্গে সমন্বয় রেখে ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণে সর্বদা কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় চেম্বারের সার্বিক কার্যক্রম, ব্যবসায়ী সমাজের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং জেলার শিল্প-বাণিজ্যের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এসময় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে চেম্বারের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, সাবেক পরিচালক আব্দুস সাত্তার, শহীদ মুসা মুঞ্জু, নিলুফা আক্তারসহ সাধারণ সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিকভাবে বার্ষিক সাধারণ সভাটি কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজের মিলনমেলায় পরিণত হয়। জেলার শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ।