বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই কন্যা সন্তানের মা হয়ে আলোচনায় এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, তার ও চিত্রনায়ক শাকিব খানের সংসারে দ্বিতীয় সন্তানের আগমন ঘটেছে।
কন্যা সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। যদিও এ বিষয়ে শাকিব খান বরাবরের মতোই নীরব রয়েছেন। এবার নতুন লুক ও গ্ল্যামারাস উপস্থিতির কারণে ভক্তদের নজর কাড়লেন তিনি।
শনিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, বিয়ের সাজে সেজেছেন বুবলী। প্রথম দেখায় অনেকের মনে হতে পারে, এটি হয়তো তার বাস্তব জীবনের কোনো আয়োজন। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের অংশ হিসেবেই বধূবেশে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
ছবিতে বুবলীকে দেখা যায় বেগুনি রঙের ভারি নকশাখচিত লেহেঙ্গায়। পোশাকটির সঙ্গে তিনি পরেছেন সাদা পাথরের জমকালো গহনা। কপালে কালো পাথরের টিকলি, নিখুঁত মেকআপ ও আত্মবিশ্বাসী হাসি তার সৌন্দর্য আরও উজ্জ্বল করে তুলেছে। পুরো সাজে যেন এক রাজকীয় আবহ ফুটে উঠেছে।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেও রঙের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন অভিনেত্রী। বুবলী লিখেছেন, ‘অন্য সব রং তো কেবলই রং, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।’
বুবলীর এই পোস্ট প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। অনেকেই তার সৌন্দর্য, পোশাক ও সাজের প্রশংসা করেন। কেউ লিখেছেন, ‘বেগুনি রঙে আপনাকে অসাধারণ লাগছে।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘একদম রাজকন্যার মতো দেখাচ্ছে।’
তবে প্রশংসার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন অনেকে। বিশেষ করে সম্প্রতি জন্ম নেওয়া কন্যাসন্তান শারলিন খানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করেন ভক্তরা। অনেকেই জানতে চেয়েছেন, কবে নবজাতকের ছবি প্রকাশ করবেন অভিনেত্রী। যদিও এসব প্রশ্নের কোনো জবাব দেননি বুবলী।
এদিকে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সর্বশেষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘পিনিক’ সিনেমায় দেখা গেছে তাকে। জাহিদ জুয়েল পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আদর আজাদ। তবে মুক্তির পর ছবিটি দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। ব্যক্তিগত জীবনের আলোচনার মধ্যেও নিজের কাজ, ফ্যাশন ও গ্ল্যামার দিয়ে নিয়মিত আলোচনায় থাকছেন শবনম বুবলী। নতুন এই বধূবেশের ছবিগুলোও ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।