স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলকে নিয়ে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ মার্চ। ড্রাফটের আগে স্থানীয় ক্রিকেটারদের পাঁচটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করার কাজ শুরু করেছেন নির্বাচকেরা।
সর্বোচ্চ স্তর হিসেবে থাকছে ‘আইকন’ ক্যাটাগরি। জাতীয় দলের তিনজন শীর্ষ ক্রিকেটারের মধ্য থেকে প্রতিটি দল একজন করে আইকন খেলোয়াড় দলে ভেড়াবে। এ তালিকায় অধিনায়ক নিগার সুলতানার থাকা নিশ্চিত ধরা হচ্ছে, পাশাপাশি সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নামও বিবেচনায় রয়েছে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা।
‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ছয়জন ক্রিকেটার। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সেখান থেকে দু’জন করে খেলোয়াড় নিতে পারবে, তাদের পারিশ্রমিক ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকছেন ১২ জন, প্রত্যেকে পাবেন ৫ লাখ টাকা করে। এছাড়া ‘সি’ ক্যাটাগরিতে প্রায় ২০ জন ক্রিকেটার থাকবেন, যাদের পারিশ্রমিক ৩ লাখ টাকা।
ড্রাফটের প্রথম ধাপে অবিক্রিত থাকা ক্রিকেটারদের পরবর্তীতে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে পুনরায় তোলা হবে। কোনো ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকবেন, সেটি চূড়ান্ত হবে কয়েকদিনের মধ্যেই এমনটাই জানিয়েছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ।
ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। পাশাপাশি ড্রাফটেও বিদেশি ক্রিকেটার রাখা হতে পারে, যদিও তাদের মোট সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।
সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো অনুযায়ী বিদেশিদের ‘এ’ ক্যাটাগরিতে ৮ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরিতে ৬ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ৩ হাজার ডলার দেওয়া হতে পারে। প্রতিটি দলকে একাদশে অন্তত দু’জন বিদেশি ক্রিকেটার খেলাতে হবে এবং স্কোয়াডে রাখতে হবে ন্যূনতম চারজন বিদেশি খেলোয়াড়।
৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। পাশাপাশি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেও কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।



































































