ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক পথ বন্ধ করে খাস জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। দীর্ঘ বছর ধরে ওই জমির উপর দিয়ে থাকা পথ ব্যবহার করে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ যাতায়াত করে আসছে বলেও অভিযোগ করা হয়েছে। জমির উপর দোকানঘর নির্মাণের ফলে স্থানীয় মানুষ দুর্ভোগে পড়েছেন। অভিযুক্ত চেয়ারম্যান মোঃ জামিরুল হক মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে অভিযোগ দায়ের করা মো. জাহিদ হাসান জানান, কয়েকদিন আগে হঠাৎ স্থানীয় চেয়ারম্যান মোঃ জামির হোসেন কৃষকদের মাঠে যাতায়াতের পথ বন্ধ করে দোকানঘর নির্মাণ শুরু করে। রাস্তা ছেড়ে কাজ করার কথা বলতে গেলে চেয়ারম্যান অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় তিনি বলেন, যা পারিস করে নিস। আমি এলাকার চেয়ারম্যান আমাকে কেউ কিছু করতে পারবে না।
এ ঘটনার পর বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও চেয়ারম্যান ঘর নির্মাণের কাজ চলমান রেখেছেন। দু’দিন আগে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করে গেছেন। কিন্তু পথের উপর খাস জমিতে ঘর করা বন্ধ হয়নি।
শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জামিরুল হক বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে চেয়ারম্যান হয়েছি। আমার জমিতেই আমি দোকানঘর নির্মাণ করছি। কে কারা অভিযোগ দেওয়ায় ইউএনও সাহেব এসেছিলেন, দেখে গেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। এখন ভূমি অফিসারকে দায়িত্ব দিয়েছি জমি মেপে দেখার জন্য। রাস্তা বা খাস জমি হলে ঘর নির্মাণ বন্ধ করা হবে, না হলে কাজ চলবে।