প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2026 ইং
মোবাইল ফোন ছিনিয়ে রাজশাহীগামী চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে হত্যা, আটক ৪

রাজশাহী প্রতিনিধি : ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে মোনারুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক (উচ্চপ্রযুক্তি পার্ক) এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকা থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
নিহত মোনারুল ইসলাম পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হৃদয়।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা অতিক্রম করার সময় ছাদে অবস্থানরত একদল ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেয়। এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তঁর মৃত্যু হয়।
এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই চারজনকে আটক করে রেলওয়ে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পদ্মা এক্সপ্রেস ট্রেনে ছিনতাই এবং যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের তল্লাশি করে নিহত যাত্রীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান জানান, ঘটনাস্থল ঢাকা রেলওয়ে জেলার অধীনে হওয়ায় মামলা ও মূল তদন্ত কার্যক্রম ঢাকা রেলওয়ে পুলিশ পরিচালনা করছে। তবে আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধারে তারা সার্বিক সহযোগিতা করছেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা