প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
শার্শায় আওয়ামী ও যুবলীগের ৩ নেতা আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় পুলিশ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে শার্শা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। গতকার মঙ্গলবার দুপুরে শার্শা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন- শার্শার শফিক মাহমুদ ধাবক (৪৩), আমিনুর রহমান (৫২) ও বজলুর রহমান (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত শফিক মাহমুদ ধাবক শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুর রহমান উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং বজলুর রহমান ১ নম্বর ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ তাদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে উল্লেখ করেছে।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা ২৩ নম্বর মামলার তদন্তে তাদের সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। মামলার বাদি শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত আমিন উদ্দেনর ছেলে ইউসুফ আলি। যার জিআর নম্বর ৩০২। এতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারা অন্তর্ভুক্ত রয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার শার্শা থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটককৃত তিনজনকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা