প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক ব্যক্তিসহ ভারতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেল আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার বেলা ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া (থানা- কোতোয়ালি, জেলা- দিনাজপুর) নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালে বিজিবি টহলদল সন্দেহভাজন হাবিবুর রহমান (২৭) এক ব্যক্তি গ্রাম: মনিপুর, পোস্ট: কমলপুর, থানা: কোতোয়ালি, জেলা: দিনাজপুরকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ১৬ পিস এবং ১টি মোটরসাইকেলসহ আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ১ লক্ষ ৩৮ হাজার ৭শত ৮০ টাকা। এছাড়াও, উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানা, দিনাজপুর মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা