প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
পরিবেশ উন্নয়ন সংস্থা এড ভিশন বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : এড ভিশন বাংলাদেশ (পরিবেশ উন্নয়ন সংস্থা)র উদ্যোগে গত ১৩ নভেম্বর চট্টগ্রাম মহানগরস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান লেখক ও সংগঠক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মহাসচিব মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন মো. বেলাল হোসেন, কুতুব উদ্দিন বখতিয়ার, লায়ন মোঃ মাহতাব উদ্দিন, সাংবাদিক রতন বড়ুয়া, মো. শফিকুল আজম, মোঃ নুর, গণমাধ্যমকর্মী মিথিলা বনিক, রাজিয়া সুলতানা বিথী প্রমুখ। আগামী ৩০ নভেম্বর চট্টগ্রামস্থ উইন্ড অব চেইঞ্জ রেস্তোরাঁর মিলনায়তনে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। মহাসচিব মাসুদ রানাকে আহ্বায়ক, কুতুবউদ্দিন বখতিয়ারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
মো. কামরুল ইসলাম বলেন, মানবসভ্যতা আজ নানা কারণে চরম হুমকির মুখে। ২০০৯ সাল থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দেখেছি, এই সংগঠন পরিবেশ, জলাবদ্ধতাসহ নানা বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। আজ জলে বিষ, বাতাসে আতঙ্ক, মাটিতে মহাত্রাস। দ্রুত গতিতে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ অরন্য। যেখানে বাংলাদেশে ২৫ ভাগ বনভূমি থাকার কথা সেখানে আছে মাত্র ১৬ ভাগ। প্রতিবছর ৭০ লক্ষ হেক্টর জমি মরুভূমি হয়ে যাচ্ছে। পরিবেশ দূষণের ফলে পৃথিবীর ৮০ শতাংশ নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যাসহ গ্রীনহাউজ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে, পৃথিবীর সবচেয়ে দূষিত কয়েকটি শহরের মধ্যে প্রথম দিকে আছে আমাদের ঢাকা ও চট্টগ্রাম। তিনি এড ভিশনের পরিবেশ ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। আগামী ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতাসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা