প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
ফুলবাড়ীতে ফসলি জমির ধান কেটে ফেলার অভিযোগ

মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে এক অসহায় পরিবারের পৈতৃক জমি জোরপূর্বক দখল ও ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. বাবু (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মো. বাবু তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি একই এলাকার বুধা মিয়ার ছেলে ১. মোঃ জিল্লু (৩৪), মৃত এররামুল হকের ছেলে ২. মো. সাইফুল ইসলাম (৩৬) ও ৩. মোঃ মাসুম (৩২) ৪. শরাফ উদ্দিনের পুত্র বুধা মিয়া (৬৫) ৫. বুধা মিয়ার ছেলে মোঃ রানা হোসেন ৬. আবু বক্কর সিদ্দিকীর পুত্র মোঃ ইউসুফ আলী (৩৫) সর্ব সাং- পূর্ব রামচন্দ্রপুর ফুলবাড়ী দিনাজপুর -এরা সকলে মিলে জমিতে গত রবিবার আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিটের দিকে জমিতে অনুপ্রবেশ করে এবং ফসল কেটে নষ্ট করে। পরিবারের লোকজন বাধা দিতে গেলে বাবুর স্ত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বিবাদীগণ এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। বাদী বাবু পরবর্তীতে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী মোঃ বাবু অভিযোগে উল্লেখ করেন, বিবাদীগণ বিভিন্ন সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে ফসল নষ্ট করে এবং প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ধান কেটে ফেলে দিয়ে যায়।
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানিয়েছেন।
তবে বিবাদীগণ জানান, তারা তাদের নিজেদের জমির ধান কেটেছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশ জানিয়েছে, এই জমির ফসল নষ্ট করার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন মোঃ বাবু নামে এক ব্যক্তি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা