প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
চৌহালীতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার কোদালিয়া গ্রামে মজিবর মিয়ার বাড়িতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সেলপ কর্মসূচির জোনাল ম্যানেজার মো. সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান ও চৌহালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার।
জীবন দক্ষতা সেশন “স্বপ্নকে ছুয়ে দেখি-পর্ব ১” সেশনটি পরিচালনা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির চৌহালী উপজেলার অফিসার মোঃ আবু দাউদ এবং সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি অর্গানাইজার সালমা খাতুন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের চারটি দলে ভাগ করা হয়। প্রতিটি দলের সদস্যরা ভবিষ্যতে কে কী হতে চায়, তাদের স্বপ্ন, লক্ষ্য ও সেই লক্ষ্য অর্জনের উপায় নিয়ে নিজেদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরা হয়।
এসময় বক্তারা বলেন, কিশোরীদের আত্মবিশ্বাসী, সচেতন ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে জীবন দক্ষতা প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নির্ধারণ ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা