প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
রাউজানে চাঞ্চল্যকর করিম হত্যার রহস্য উদঘাটন ॥ অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিমের প্রকাশ্যে নির্মম হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত সোমবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম জানান, মোটরসাইকেল চুরির সন্দেহের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে এবং ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মোহাম্মদ করিম রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের বাসিন্দা হলেও আমান বাজার এলাকায় বসবাস করতেন এবং তার বিরুদ্ধে চুরি, মাদক, ডাকাতি ও ছিনতাইসহ অন্তত ১০টি মামলা ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, মূল পলাতক আসামি মোঃ পারভেজের (৪৫) মামা আজগর আলীর একটি মোটরসাইকেল চুরির ঘটনায় করিমকে সন্দেহ করা হলে করিম তা অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পারভেজ নিজস্ব সোর্সের মাধ্যমে করিমকে উরকিরচর ইউনিয়নের কেরানিহাট বাজারে ডেকে আনেন এবং ১০-১২ জনের একটি সশস্ত্র দল প্রথমে কুপিয়ে ও পরে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। পরদিন নিহতের স্ত্রী বিলকিস আক্তার রাউজান থানায় মামলা করলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অভিযান শুরু করে এবং নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে সৈয়দ মোহাম্মদ শুক্কুর (২৭) ও মোঃ জাবেদ (২৮) এবং হাটহাজারীর দক্ষিণ মাদার্শা এলাকা থেকে মোঃ সেলিম (৫০) ও মোঃ আলামিন (২৯)-কে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকায় পলাতক আসামি পারভেজের পরিত্যক্ত গরুর খামার থেকে একটি দেশীয় এলজি, একটি এয়ার গান, ২ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি গ্রিল কাটার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে জাবেদের বিরুদ্ধে একটি অপহরণ, সেলিমের বিরুদ্ধে একটি চুরি এবং আলামিনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা রয়েছে। অন্যদিকে মূল পলাতক আসামি পারভেজের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে এবং পারভেজসহ অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা