প্রিন্ট এর তারিখঃ Aug 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
চট্টগ্রাম শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের ৮ দিন পর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুন্ডের শীতলপুরে বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত মো. আলাউদ্দীন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আটদিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আলাউদ্দীন সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকাল ৮টার দিকে সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটায় অবস্থিত বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করছিলেন আলাউদ্দীন। এসময় জাহাজের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত তার হাত থেকে একটি ভারী লোহার বস্তু নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আটদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “বারাকা নামের একটি পুরোনো জাহাজে কাজ করার সময় প্রায় এক সপ্তাহ আগে আলাউদ্দীন নামে এক শ্রমিক আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়েছে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা