প্রিন্ট এর তারিখঃ Aug 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
চট্টগ্রামে ট্রেনে পাথরের আঘাতে আহত এক যাত্রী, বাঁচলেন আরেকজন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ছোঁড়া পাথরের আঘাতে এক যাত্রী আহত হয়েছেন। পৃথক ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আরেক যাত্রী।
গত শনিবার বিকাল ৩টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আহত যাত্রী শাহীন আহমদ (৩৯) ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি উত্তরা আয়কর কার্যালয়ের প্রধান সহকারী। তার মাথা ফেটে রক্তক্ষরণ হওয়ায় মাঝপথে গোমদন্ডী স্টেশনে ট্রেন থামিয়ে বোয়ালখালীতে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ঢাকায় ফিরেছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ছেড়ে যায়। বিকাল ৩টার দিকে লোহাগাড়া এলাকায় পৌঁছালে ছোঁড়া পাথরের আঘাতে শাহীন আহত হন। এদিন দুপুর দুইটার দিকে রামু-ইসলামাবাদ এলাকায়ও ওই ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়। এতে একটি বগির জানালার কাঁচ ভেঙে যায়।
আহত শাহীন আহমদ জানান, কক্সবাজারে মাদকবিরোধী ম্যারাথন কর্মসূচিতে যোগ দিয়ে দুপুরে ঢাকায় ফেরার পথে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। পাথরের আঘাতে মাথা ফেটে গেছে। সেলাই দিতে হয়েছে।
এম এম ইসলাম নামের আরেক যাত্রী বলেন, ‘শনিবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। বাইরে থেকে ছোঁড়া একটি পাথর এসে আমার সামনের সিটে পড়ে। ভাগ্যক্রমে আমার বা অন্য কোনো যাত্রীর শরীরে আঘাত লাগেনি। ঘটনার পর ডিউটিরত রেলওয়ে পুলিশকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাই। কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে কিছু করার নেই। একজন যাত্রীর নিরাপত্তার জন্য এর চেয়ে হতাশাজনক বিষয় আর কী হতে পারে?
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঁইয়া বলেন, চলন্ত ট্রেনে পাথরের আঘাতে শাহীন আহমদ নামের এক যাত্রী আহত হয়েছেন। গোমদন্ডী স্টেশন থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা