প্রিন্ট এর তারিখঃ Aug 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2026 ইং
ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারওয়ার হাসান। এসময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ রক্ষায় জলাশয় সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী মৎস্যচাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা