প্রিন্ট এর তারিখঃ Aug 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত মেইন পিলার ১৮৫ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান চালানো হয়। এসময় ভারতীয় বিভিন্ন মডেলের ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের মো. সানাউল্লাহ (২৮), মো. হারুন-অর-রশিদ (১৯) ও মো. ইয়াসিন আলী (১৯)।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা