প্রিন্ট এর তারিখঃ Aug 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

আরাফাত হোসেন সিফাত, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রাজু আহমেদ নামে এক বিএনপির কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গতকাল রোববার রাত ১১টায় শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকায় আয়নাল হকের ছেলে।
নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সাথে তার বিরোধ হয়। রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়েছে।
কিছুদিন আগে এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে রবিবার রাতে ফুফাতো ভাই ইয়ামিনের সঙ্গে নুরুল ও জাকিরের তর্কাতর্কি একপর্যায়ে মারামারি হয়। এসময় রাজু তাদের ঝগড়া থামিয়ে দেয়। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ফুফাতো ভাইকে না পেয়ে রাজুর বাড়িতে হামলা করে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করলে তাকে বাঁচাতে গেলে পরিবারের সকল সদস্যকে পিটিয়ে আহত করে। পরে আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এটি রাজনৈতিক বিরোধ না পারিবারিক কোন দ্বন্দ্বে হত্যা তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ বলেন, বিএনপি কর্মী রাজু হত্যার ঘটনাটি পারিবারিক বা রাজনৈতিক কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। খুব শীঘ্রই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা