প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2026 ইং
মুন্সীগঞ্জে খাল পরিদর্শনকালে খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শনে এসে খনন কাজের উদ্বোধন করেন।
আজ শুক্রবার সকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সদর উপজেলার মীরকাদিমে নয়নের খাল পরিদর্শন কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা অনেক উন্নয়নের অনেক কথা শুনেছি, বড় বড় উন্নয়নের গল্প শুনেছি। কোনো উন্নয়ন হয়নি দেশের খালগুলো ভরাট হয়ে বেদখল হয়েছে।
এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ মো. কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন পুস্তি।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ খালটি এক সময় নৌপথে পণ্য পরিবহনে ব্যবহৃত হতো। বড় বড় নৌযান চলাচল করতো। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালটি খনন করে পানির প্রবাহ ঠিক রাখার ব্যবস্থা করা হবে।
খালের দু’পাশে গাইডওয়াল দিয়ে ফুটপাত করে এর সৌন্দর্য বৃদ্ধি করা হবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মোয়াজ্জেম, পুরোহিতদের বেতনভাতা প্রদান, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলার ব্যবস্থা করাসহ খাল খনন অগ্রাধিকার কর্মসূচি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা