প্রিন্ট এর তারিখঃ May 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
চারটি কফিন: চিরবিদায়ের শোকে পাথর রাঙ্গুনিয়ার লালানগর ; ছোট ভাই পড়ালেন চার সহোদরের জানাজা

সাহেদুর রহমান মোরশেদ : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর গ্রামের বন্দেরাজাপাড়ার ভোর সাতটার কুয়াশা তখনো কাটেনি। মেঠোপথ ধরে নিঃশব্দে এগিয়ে এলো চারটি অ্যাম্বুলেন্স। কোনো সাইরেন বাজেনি, তবু বাতাস ছিল থমথমে। অ্যাম্বুলেন্স থেকে একে একে নামানো হলো চারটি কফিন। আবদুল মজিদের বাড়ির উঠোনে সারিবদ্ধভাবে রাখা হলো সেগুলো। চারপাশে উৎসুক মানুষের ভিড়, কিন্তু কারো মুখে কোনো ভাষা নেই। শুধু চোখের জল আর বুক চাপা কান্নাই জানান দিচ্ছিল এক পরিবারের পুরো স্বপ্ন শেষ হয়ে যাওয়ার বেদনা। গোটা লালানগর যেন পাথর হয়ে গেছে। কেউ ভাবেনি যে একসঙ্গে চার সহোদর দেশে ফিরবেন, তাও আবার কফিনবন্দি হয়ে। গত ১৩ মে ওমানের মাটিতে বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো চার ভাই অবশেষে ফিরলেন জন্মভূমিতে, কিন্তু নিথর-নীরব।
গত ১৩ মে ওমানের আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দাহ এলাকায় পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় চার বাংলাদেশি যুবকের মরদেহ। তারা সবাই রাঙ্গুনিয়ার আবদুল মজিদের সন্তান- রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের বয়স ২৪ থেকে ৩১ বছরের মধ্যে। কিন্তু ঘটনার এই দীর্ঘ এক সপ্তাহ পরিবারের স্বজনেরা এক নিদারুণ সত্য বুকে চেপে রেখেছিলেন। মা খদিজা বেগমকে জানানো হয়েছিল শুধু দুই ছেলে অসুস্থ। চার সন্তানের মৃত্যুর কথা বলার সাহস কারো ছিল না।
গত বুধবার সকালে যখন চার ভাইয়ের কফিনবন্দী মরদেহ বাড়ির নিচতলায় রাখা হলো, তখন আর সত্য লুকানো গেল না। মাকে ডেকে আনা হলো দোতলা থেকে। নেমে এসেই চার সন্তানের কফিনের সারি দেখে এক বুক হাহাকার করে মাটিতে লুটিয়ে পড়লেন এই মা। বারবার জ্ঞান হারাচ্ছিলেন তিনি। পাশেই আহাজারি করছিলেন নিহত রাশেদুলের স্ত্রী কুলসুম আক্তার ও শাহিদুলের (সাহেদ) স্ত্রী শান্তা আক্তার। তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারো ছিল না।
প্রতিবেশী রোকেয়া বেগমের কণ্ঠেও সেই অসহায়ত্ব: “ঘরে কারও কথা বলার মতো অবস্থাই নেই। একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটল। তাদের মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও কেউ খুঁজে পাচ্ছে না।”
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে নিহত চারজনের দু’জন বিবাহিত ছিলেন। বাকিদের মধ্যে দুই ভাইয়ের বিয়ের প্রস্তুতি প্রায় শেষের পথে। শুক্রবারই তাদের দেশে ফেরার কথা ছিল। তাই চার ভাই একসঙ্গে একটি গাড়ি করে বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে ওমানের বারকা এলাকা থেকে রওনা দেন মুলাদ্দাহর দিকে। রাত বাড়তেই আচমকা বিপর্যয় নামে। ওই রাত ৮টার পর এক ভাই বারকায় থাকা এক স্বজনকে একটি ভয়েস মেসেজ পাঠান- তারা খুব অসুস্থ, গাড়ি থেকে বের হতে পারছেন না। সঙ্গে পাঠান তাদের অবস্থানের লোকেশনও। কিন্তু তার আগেই গাড়ির চালু এসি থেকে নিঃসৃত বর্ণহীন ও গন্ধহীন বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই অচেতন হয়ে পড়েন।
রয়্যাল ওমান পুলিশের ধারণা, এই গ্যাসই শ্বাসরোধে ঘটিয়েছে তাদের মর্মান্তিক মৃত্যু। পরে দুই প্রবাসী বাংলাদেশি গাড়ির ভেতর চারজনকে অচেতন পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে চার ভাইয়ের মরদেহ পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। লাশ গ্রহণ করেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এরপর গত বুধবার বেলা ১১টায় স্থানীয় হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় চার ভাইয়ের জানাজা। এই মাঠ যেন পরিণত হয় এক শোকসাগরে। হাজার হাজার মানুষ ছুটে এসেছিলেন রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকা থেকে। কিন্তু সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যটি ছিল জানাজার ইমামতিকে ঘিরে। পাঁচ ভাইয়ের মধ্যে একমাত্র বেঁচে থাকা ছোট ভাই হাফেজ মুহাম্মদ এনামকে ইমামতি করতে হলো তার চার সহোদরের জানাজায়। যে ভাইয়েরা তাকে আগলে রেখেছিলেন, আজ তারাই তার সামনে নিথর; আর তিনি তাদের শেষ বিদায়ের নামাজ পড়ালেন। জানাজা শেষে সামাজিক কবরস্থানে পাশাপাশি খোঁড়া চারটি কবরে শুইয়ে দেওয়া হয় চার রেমিট্যান্স যোদ্ধাকে।
এলাকার প্রবীণ বাসিন্দা মুহাম্মদ ইদ্রিস চোখ মুছতে মুছতে বললেন, “একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু মেনে নেওয়ার মতো ঘটনা নয়। এর আগে এমন শোকাবহ ঘটনা এই এলাকায় আর কখনো ঘটেনি। এই শোক আমরা সইব কী করে?”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা