প্রিন্ট এর তারিখঃ May 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবি ফুলবাড়ী এর সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে কোডি ইনস্টিটিউট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এন্ড গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় ফুলবাড়ী উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে সমান আওয়াজ প্রকল্পের কো-অর্ডিনেটর মারিয়া সরকারের সভাপতিত্বে গতকাল বুধবার সকাল ১০টায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন। প্রশিক্ষণ কর্মশালাটি ফ্যাসিলিটেট করেন এরিয়া ম্যানেজার ফুলবাড়ী খাদিজা আক্তার এবং মাহফুজা নাজমিন এরিয়া ম্যানেজার নবাবগঞ্জ, দিনাজপুর।
নারীর নেতৃত্ব বিকাশ, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক ক্ষমতায়ন জোরদারের লক্ষ্যে ১৩-১৪ মে ফুলবাড়ী উপজেলায় দুইদিন ব্যাপী “নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় নারী নেত্রী, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, কার্যকর যোগাযোগ, অধিকার সচেতনতা, স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ এবং সামাজিক জবাবদিহিতা বিষয়ে ধারণা লাভ করেন। প্রশিক্ষণে ২৫ জন অংশগ্রহণকারী দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের নেতৃত্ব দক্ষতা উন্নয়নের সুযোগ পান।
এসময় বক্তারা বলেন, নারীদের দক্ষ নেতৃত্ব সমাজের টেকসই উন্নয়ন ও অংশগ্রহণমূলক সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়োজকরা ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা