প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

ফরিদপুর প্রতিনিধি : মাদকের কবল থেকে বাঁচতে ও মাদকের বিস্তার রোধে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে ফরিদপুরের সালথা উপজেলার বলিভদ্রদিয়া ও বাহিরদিয়াসহ আশেপাশের এলাকার মানুষ।
গতকাল বুধবার দুপুরে উপজেলার ছোট বাহিরদিয়া বাজারে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন করে তারা এলাকা জুড়ে মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধন থেকে তারা দাবী করেন, বলিভদ্রদিয়া এলাকার জনৈক মাদক ব্যবসায়ী বছরাধিকাল ধরে আশেপাশের কয়েকটি গ্রামে মাদকের ব্যবসা করে আসছে। কেউ তাদের প্রতিবাদ করলে টার্গেট করে তাকে হেনস্থার শিকার হতে হয়।
সম্প্রতি তার অপকর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ায় পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে সালথা থানার সহকারি উপ-পরিদর্শক ইমরান হোসেনকে টোপ দিয়ে এনে বেধড়ক মারধর করে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
তারা দাবি করেন, ওই মাদক ব্যবসায়ীর নেতৃত্বাধীন চক্রটি পুরো এলাকায় মাদক বিস্তারের পাশাপাশি ত্রাস সৃষ্টি করে অলিখিতভাবে জিম্মি করে রেখেছে এলাকার মানুষকে। ফলে তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। মাদকের বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে বলে দাবি মানববন্ধনকারীদের।
তারা মনে করেন, অবিলম্বে ওই ব্যবসায়ীকে আইনের আওতায় না আনা গেলে এতদঞ্চলের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করে মাদকের বিস্তার রোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা