প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2026 ইং
কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দু’জন খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে দোকানের মালিকানা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে জেলা সদরের হারুয়া এলাকার শামীম (৩০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের ছুরিকাঘাতে গতকাল সোমবার সকাল ১০টার দিকে খুন হয়েছেন। নিহত শামীম কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
অপরদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লারচর এলাকার একটি পুকুর থেকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, কিশোগঞ্জ শহরের হারুয়া এলাকায় একটি দোকানের মালিকানা নিয়ে শামীমের সঙ্গে তার ফুফাতো ভাইয়ের ছেলে লিংকনের দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে শামীম দোকানে গিয়ে ভাড়াটিয়াকে দোকান ছেড়ে দেওয়ার তাগাদা দেন। খবর পেয়ে লিংকন গিয়ে শামীমের সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন নিহত শামীম।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম ভূঁইয়া জানান, পারিবারিক বিষয় নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শামীম খুন হয়েছেন। অভিযুক্ত লিংকনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
অপরদিকে নিহত নারীর মরদেহ পুলিশ উদ্ধার করলেও এখন পর্যন্ত তার পরিচয় এবং মৃত্যুর কারণ জানাতে পারেনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা