মাসুদ রানা : দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষার অবসান হলো। অবশেষে বাস্তবায়নের মুখ দেখছে মুন্সীগঞ্জ পৌর শিশু পার্ক। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর পৌরসভার প্রাণকেন্দ্রে এই পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবের উদ্যোগে পৌর শিশু পার্ক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে শিশু পার্ক নির্মাণের জন্য জমি ক্রয় করা হলেও নানা জটিলতায় দীর্ঘ ৩৩ বছরেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে ২০২৫ সালের অক্টোবর মাসে বর্তমান প্রশাসক মৌসুমী মাহবুবের বিশেষ উদ্যোগে পার্কটি নির্মাণের প্রাথমিক পরিকল্পনা ও নকশা প্রণয়ন করা হয়। অক্টোবর-নভেম্বর ২০২৫ মাসে তৎকালীন জেলা প্রশাসক ফাতেমা-তুল জান্নাত-এর প্রাথমিক দিক-নির্দেশনায় এবং বর্তমান জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর তত্ত্বাবধানে ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে পার্ক নির্মাণ পরিকল্পনা ও ডিজাইন চূড়ান্ত করা হয়।
পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব পৌর শিশু পার্ক প্রকল্প বাস্তবায়নের জন্য ডিসেম্বর-২০২৫ মাসে টেন্ডার বিজ্ঞপ্তি আহ্বান করেন। সরকারি ক্রয় বিধি অনুসরণ করে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পৌরসভার প্রকৌশল বিভাগ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে। গত ০৮ মার্চ পার্কের ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়।
পার্কের আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে জানা যায়, পেশাদার স্থাপত্য প্রতিষ্ঠান ‘প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেড’-এর নকশায় ১.৩৬ একর জমির ওপর এই আধুনিক পার্কটি নির্মিত হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা। পার্কটিতে থাকছে ফুটবল খেলার জন্য আধুনিক ফুটসাল গ্রাউন্ড, ব্যাডমিন্টন কোর্ট এবং ক্রিকেট নেট প্র্যাকটিস পিচ। শিশুদের বিনোদন আকর্ষণীয় ৭৫ ফুট উচ্চতার ফেয়ারি হুইলস, ট্রামপোলিন, জঙ্গল জিম এবং আধুনিক মাল্টি-অ্যাক্টিভিটি প্লে স্টেশন। রাইডসমূহের মধ্যে রয়েছে শিশুদের প্রিয় দোলনা, স্লাইডিং, সী-স এবং স্প্রিং রাইডার। নাগরিক সুবিধায় সুপরিকল্পিত ওয়াকওয়ে, সবুজায়ন, বসার জায়গা, আধুনিক ফুড কোর্ট, ইনডোর গেমস জোন এবং আধুনিক টয়লেট ব্লক। নিরাপত্তা ও নান্দনিকতায় পার্কের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনে থাকবে পর্যাপ্ত লাইট পোস্ট এবং দুটি সুদৃশ্য প্রবেশদ্বার। চলতি বছরের জুলাইয়ের মধ্যে পার্কটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। পার্কটি চালু হলে মুন্সীগঞ্জ পৌর এলাকার প্রায় ৪০ হাজার শিশু-কিশোর একটি মানসম্মত ও সুস্থ বিনোদনের স্থায়ী ঠিকানা পাবে।



































































