নিজস্ব প্রতিবেদক : যাকাত ব্যবস্থার আধুনিকীকরণ, সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং যাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। বিশেষজ্ঞ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি মুহাম্মদ আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং জামিয়া সারিয়া মালিবাগের ইসলামী অর্থনীতিবিদ মাওলানা আবদুল্লাহ মাসুমকে। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটি ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩’ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদের সুপারিশ করবে। পাশাপাশি যাকাত বোর্ডকে একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব দেবে। এছাড়া, যাকাত সংগ্রহ ও বিতরণ ব্যবস্থাকে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম চালুর সম্ভাবনা যাচাই করে বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন করবে কমিটি। সাধারণ মানুষের মধ্যে যাকাত প্রদানে সচেতনতা বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সুফল প্রচারেও কৌশল নির্ধারণ করবে এ কমিটি। সরকারের কর কাঠামোর সঙ্গে যাকাত ব্যবস্থার সম্ভাব্য সমন্বয় নিয়েও পর্যালোচনা করে সুপারিশ দেবে কমিটি। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ বা প্রতিনিধিকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার ক্ষমতাও দেওয়া হয়েছে কমিটিকে।



































































