আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রের জনগণ। ‘নো কিংস’ র্যালিতে বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির লাখ লাখ মানুষ। ইরানের রেজিম পরিবর্তনের চেষ্টায় থাকা ট্রাম্পের বিরুদ্ধে তার নিজ দেশের ‘রেজিম পরিবর্তনের’ স্লোগান উঠেছে।
শনিবার দিনভর নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, ন্যাশভিল এবং হিউস্টনসহ যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি প্রধান শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ছোট ছোট শহরগুলোতেও মানুষকে বিক্ষোভ করতে দেখা যায়। লস অ্যাঞ্জেলেস-সহ বেশ কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলছেন, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বিভিন্ন নীতি, বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ, কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে এই বিক্ষোভ করছেন। তারা বলেন, ট্রাম্প জনগণের ওপর একজন অত্যাচারী শাসকের মতো রাজত্ব করতে চান।
কিন্তু এটি আমেরিকা এবং এখানে ক্ষমতার মালিক জনগণ-কোনো হতে চাওয়া রাজা বা তাদের কোটিপতি বন্ধুদের হাতে ক্ষমতা নয়।
শনিবার বিকেলে ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে বিকেলের দিকে হাজার হাজার মানুষ মিছিল করেন। বিক্ষোভকারীরা লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে অবস্থান নেন এবং ন্যাশনাল মল এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আগের র্যালিগুলোর মতো এবারও বিক্ষোভকারীরা ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কুশপুত্তলিকা বহন করেন এবং তাদের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।
শনিবারের অন্যতম প্রধান বিক্ষোভটি ছিল মিনেসোটায়। সেখানে গত জানুয়ারিতে রেনে নিকোল গুড এবং অ্যালেক্স প্রেত্তি নামে দুই মার্কিন নাগরিক কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের হাতে নিহত হন। তাদের মৃত্যু ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছিল।
সেন্ট পলে স্টেট ক্যাপিটল ভবনের সামনে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন এবং বেশ কয়েকজন হাই-প্রোফাইল ডেমোক্র্যাট নেতা বক্তব্য দেন। কিংবদন্তি গায়ক ব্রুস স্প্রিংস্টিনও সেখানে উপস্থিত হয়ে তার অভিবাসন-বিরোধী আইন নিয়ে লেখা গান ‘স্ট্রিটস অফ মিনিয়াপলিস’ পরিবেশন করেন। নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারেও হাজার হাজার মানুষ জড়ো হয়ে ম্যানহাটনের মিডটাউন এলাকায় মিছিল করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ব্যস্ততম রাস্তাগুলো বন্ধ করে দিতে হয়। বিক্ষোভ সব জায়গায় শান্তিপূর্ণ ছিল না। লস অ্যাঞ্জেলেসে কেন্দ্রীয় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানায়, প্রায় ১ হাজার ‘দাঙ্গাকারী’ রয়্যাল ফেডারেল বিল্ডিং ঘেরাও করে কর্মকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে দুইজন কর্মকর্তা আহত হন।
শহরের অন্য অংশে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, কেন্দ্রীয় কারাগারের কাছে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ না মানায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ছাড়াও প্যারিস, লন্ডন এবং লিসবনের মতো বিদেশি শহরগুলোতেও প্রবাসী আমেরিকানরা বিক্ষোভে অংশ নেন।
এর আগে গত অক্টোবরে বিরুদ্ধে ‘নো কিংস’ র্যালিতে দেশজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নিয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপক বৃদ্ধি করেন।
গত অক্টোবরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ট ট্রাম্প বলেছিলেন, ‘তারা আমাকে রাজা বলছে। আমি কোনো রাজা নই।’



































































