মোঃ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি : ১৬টি নদীবেষ্টিত কুড়িগ্রাম জেলা। অর্থনৈতিক দিক দিয়ে ৬৪ নম্বর জেলা হিসেবে এর অবস্থান। এখানকার অধিকাংশ মানুষ চরে বাস করে, যাদের জীবন-জীবিকা নদীর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। প্রতিবছর বন্যায় এ জেলার জান ও মালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও নদী ভাঙনের ফলে নদীর নাব্যতা কমে যায়। ফলে প্রতি বছর জেলায় বন্যার কবলে পড়ে জেলার মানুষ। বন্যায় জানমালের ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষ্যে দেশের অন্যান্য জেলার ন্যায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে ধরলা নদীর ২/৩ কিমি এলাকায় খনন কার্যক্রম গত ২০২৩/২০২৪ইং সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে। নদী খনন কার্যক্রম কাজ সাধারণত ৬ মাস বন্ধ থাকলে বাকি ৬ মাস চলমান থাকে।
বিআইডব্লিউটিএ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ মারুফ এর নিকট থেকে জানা যায়, কুড়িগ্রাম জেলায় প্রায় ৪৫০ কোটি টাকার কার্যক্রম চলমান রয়েছে।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায় যে, এই কার্যক্রমের চলমান প্রক্রিয়া প্রায় দুই বছর ছয় মাস। এখনও এর কার্যক্রম চলমান। কিন্তু প্রকল্পের কোন কাগজপত্র বা সাইনবোর্ডের নির্দেশনা প্রকল্প এলাকায় পাওয়া যায়নি। ড্রেজার অপারেটর বা অন্যান্য কর্মরত ব্যক্তিবর্গ জানে না নদীতে কত ফিট গভীর বা কত ফিট দৈর্ঘ্য, প্রস্থ হবে। তারা তাদের ইচ্ছামতো বালু খনন করে নদীর কাছাকাছি নদীর মাঝে ফেলছেন। শত শত কোটি টাকার প্রকল্প কুড়িগ্রাম জেলায় পরিচালিত হলেও জেলা হিসেবে কুড়িগ্রাম সদরে বিআইডব্লিউটিএ’র কোন অফিস নেই। প্রকল্প সংশ্লিষ্টদের সাথে ফোন করে কোথাও পাওয়া যায় না। কোন ডকুমেন্টস দেখতে চাইলে খননকৃত লোকজন বলেন আমরা কিছুই জানি না, অফিস জানতে চাইলে তারা বলেন অফিস ঢাকায়।
জানা যায়, এই প্রকল্পের নির্বাহী প্রকৌশলীও ঢাকায় অবস্থান করেন। বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা যায়, কুড়িগ্রাম সদরে ছয়টি ড্রেজিং কোম্পানি কাজ করে আসছে। সেগুলো হলো- নবারন ড্রেজিং লিমিটেড, একোয়া মেরিন ড্রেজিং লিমিটেড, এম এম বিল্ডার্স লিমিটেড, এম এম বাঁশখালী লিমিটেড এবং চাকন্দ ড্রেজিং লিমিটেড ইত্যাদি। এই প্রতিষ্ঠান ২ বছর ৬ মাস থেকে ড্রেজিং কাজ করা হলেও তার সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে এলাকাবাসী জানান। সরেজমিনে চর এলাকার লোকজনের সাথে কথা বলে এর সত্যতা পাওয়া যায়। তারা নদী খনন করে কোথাও নদীর বালু নদীতে রাখছে, আবার কোথাও নদীর পাড়ে বালু রাখছে, যা দৃশ্যমান। গত বছর যে বালু কেটেছে তা এ বছর নদীর মাঝে আবার জেগে উঠেছে। এ বছর আবার সেই বালু কাটছে, যেন সাপ-লুডু খেলা। সরকারের টাকার শ্রাদ্ধ।
সাধারণ জনগণ জানান, গত দুই বছর তাদের এসব কার্যক্রম দেখে আসছে। আবারো তারা একইভাবে নদী ও নদীর পাড়ে বালু রেখে আসছে। এ খনন কার্যক্রম সম্বন্ধে সিএমবি মোড় ধরলা সেতুর উত্তরে নদীর পাড়ে, হলোখানা পলাশ বাড়ী নদীর পাড়ে এবং মোগলবাসা ইউনিয়নের নদীর মাঝে এবং নদীর পাড়ে, যা এখনই আবার নদীতে ভেঙে পড়ছে, সেটিও দৃশ্যমান।
এ ব্যাপারে নৌকার মাঝিরা বলেন, গত বছরে যে বালুগুলো রাখা হয়েছিল তা নদীতে বিলীন হয়ে গেছে। আবারও সেই জায়গায় বালু ফেলা হচ্ছে। ইতিপূর্বে এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মিস অন্নপূর্ণা দেবনাথকে জানালে তিনি বলেন, আমি বিষয়টি দেখছি। পরে তিনি কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনকে তদন্তের নির্দেশ দেন। তিনি তদন্ত করেন এবং সঠিক জায়গায় বালু ফেলার নির্দেশ দেন। নির্দেশনার পরেও পুনরায় নদী খনন কর্তৃপক্ষের লোকজন নির্দেশনার তোয়াক্কা না করে আবার নদীর ধারে ও নদীতে বালু ফেলে।
বিআইডব্লিউটিএ’র এসি. ইঞ্জিনিয়ার মোঃ মারুফকে এ সম্বন্ধে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই প্রকল্প ৪৫০ কোটি টাকা এবং গত ২ বছর থেকে বাস্তবায়ন হয়ে আসছে। তার সঙ্গে বালু কিভাবে কত মিটার বা কত ফিট দূরে ফেলা হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা বালু ফেলার জায়গা পাচ্ছি না। তার কারণে এদিক সেদিক ফেলা হচ্ছে।
ঢাকায় অবস্থানরত বিআইডব্লিউটিএ’র ইঞ্জিনিয়ারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
নদীর পাড়ের জনগণের সাথে এই প্রকল্পের নানা দিক নিয়ে আলাপকালে তারা বলেন, আমাদের এই নদী খননের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করলে আমরা এর দীর্ঘমেয়াদী সুফল পাবো। নিয়মানুসারে নদী খননের জন্য তারা কুড়িগ্রাম জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ করেছেন।



































































