নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ছয়দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার আন্তর্জাতিক বিমান চলাচলে।
বেবিচকের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) একদিনেই বাতিল হয়েছে আরও ৩৪টি ফ্লাইট। সব মিলিয়ে ছয়দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২১০টি। বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং শারজাহভিত্তিক এয়ার অ্যারাবিয়ার ১০টি ফ্লাইট রয়েছে। এছাড়া এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।
এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এক ঘোষণায় জানিয়েছে, ৫ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী তাদের সব ফ্লাইট বাতিল রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার সুযোগও সীমিত হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে।



































































