ফয়সাল আজম অপু, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে শিহাব আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার বিকালে শিবগঞ্জ পৌর এলাকার চন্ডিপুরের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিহাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় তার খালার বাড়িতে থাকতেন। খালার বাড়িতে থেকে বিদেশ যাওয়ার জন্য জাপানি ভাষা শিখছিলেন।
নিহত শিহাবের খালাতো ভাই হাসিব জানান, রাত ১১টার দিকে আমার খালাতো ভাই শিহাবকে কয়েকজন বখাটে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিল। পরের দিন চন্ডিপুর এলাকার একটি আম বাগানে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের জানালে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার বিকালে চন্ডিপুরের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ পরিদর্শক শাকিল হাসান বলেন, শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নেশা জাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে। হত্যার আগে শিহাবসহ হত্যাকারীরা মাদক গ্রহণ করে থাকতে পারেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ একরামুল হক বলেন, এটি একটি হত্যাকান্ড। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। বাদির মামলা প্রক্রিয়াধীন আছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে এবং আসামিদের গ্রেফতার করা হবে। হত্যাকারী যেই হোক না কেনো কোনোভাবে পার পাবে না।



































































