মিঠুন মিঠু, অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর জেলার অভয়নগরের মজুমদার ব্রান অয়েল মিলস থেকে ট্রাকভর্তি তেল নিয়ে গন্তব্যস্থলে না পৌঁছে মালসহ ট্রাক নিয়ে পালিয়েছে ট্রাক চালক। গত পাঁচদিনেও তার সন্ধান মেলেনি।
গত রোববার ঐ মিলের সেলস ম্যানেজার গৌতম কুমার কুন্ডু অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। তেলের আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় মজুমদার ব্রান অয়েল লিমিটেডের ফ্যাক্টরি থেকে (ঢাকা মেট্রো-ট-২৪-৭৯৪৮) ট্রাকে করে ১২ হাজার ৯’শত ৬০ লিটার রিফাইন রাইস ব্রান অয়েল লোড করে যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা কুমিল্লা টিসিবি ক্যাম্প অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পরবর্তীতে জানা যায়, ব্রান অয়েল ভর্তি ট্রাকটি নির্দিষ্ট স্থানে পৌঁছেনি। ট্রাকের ড্রাইভার মাসুদের ব্যবহৃত মোবাইল ফোনে (০১৩৩৩-৬৩৩০৩৬) একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া গেছে।
মজুমদার ব্রান অয়েল মিলের সেলস ম্যানেজার গৌতম কুমার কুন্ডু জানান, আমাদের ফ্যাক্টরি থেকে ২৫ ফেব্রুয়ারি ট্রাকে করে ১২ হাজার ৯’শত ৬০ লিটার রিফাইন ব্রান অয়েল লোড করে কুমিল্লা টিসিবি ক্যাম্প অফিসে পাঠানো হয়। কিন্তু ০১ মার্চ পর্যন্ত মাল না পৌঁছানোর কারণে আমরা অভয়নগর থানায় জিডি করেছি।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



































































