আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় হাউজিং কোম্পানি এলিড হোল্ডিংয়ের নামে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ করেছে কোম্পানির স্থানীয় প্রতিনিধি। কোম্পানির ক্রয়কৃত নিজস্ব জমিতে সাইনবোর্ড স্থাপনকে ঘিরে কতিপয় কুচক্রী মহল গণমাধ্যমকর্মীদের কাছে অসত্য এবং ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে কোম্পানির সুনাম ক্ষুন্ন হচ্ছে।
গত রবিবার বিকেল ৩টায় কুয়াকাটা প্রেসক্লাবে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন কোম্পানির স্থানীয় প্রতিনিধি জামাল দেওয়ান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামাল দেওয়ান বলেন, কুয়াকাটার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া ও গঙ্গামতি এলাকায় বৈধ কাগজপত্র বলে এলিড হোল্ডিং লিমিটেড ৯০নং খতিয়ান থেকে ৪৫ একর জমি ক্রয় করে। ওই কোম্পানির কাছে আমি নিজেও দেড় একর জমি বিক্রি করি। যেখানে কোম্পানি সাইনবোর্ড স্থাপন করে। স্থানীয় শাহজাহান মুসল্লি, জাকারিয়া মুসল্লি, ফারুক ও নাইম মুসল্লি এলিড হোল্ডিং লিমিটেড এবং আমাকে জড়িয়ে জোরপূর্বক জমি দখল করেছি বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কোম্পানির ক্রয়কৃত জমির দাগ খতিয়ানে এদের কোন জমি নেই। এদের সাথে কোম্পানি কিংবা আমার কোন লেনদেন না থাকলেও অসৎ উদ্দেশ্যে গণমাধ্যমকর্মীদের মিথ্যা তথ্য সরবরাহ করে বিভ্রান্ত করছে।
জামাল দেওয়ান আরো বলেন, এলিড হোল্ডিং লিমিটেড কুয়াকাটায় কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। এমন অপপ্রচার চালালে অন্য বিনিয়োগকারীরা কুয়াকাটা পর্যটন খাতে বিনিয়োগ করতে আগ্রহী হবে না।
এমন অপপ্রচার বন্ধ না হলে আইনের আশ্রয় নিবেন বলে তিনি জানান। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরেজমিনে পরিদর্শন করে সত্য উদঘাটনের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলিড হোল্ডিং লিমিটেডের সার্ভেয়ার খলিলুর রহমান, জমি মালিক জব্বার গাজী, মন্নান হাওলাদার, নজরুল মোল্লাসহ আরো অনেকে।



































































