মনিরুল ইসলাম টিটু, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের বায়তুল মোকাদ্দেম মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় মসজিদ ভবনে বায়তুল মোকাদ্দেম মসজিদ মুসল্লি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মসজিদের মুসল্লি কমিটির উপদেষ্টা মো. তানভীর চৌধুরী রুবেল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করছেন। ফরিদপুর-০৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এর হাত ধরে এ জেলার প্রভূত উন্নয়ন সাধিত হবে। ফরিদপুরবাসী যে কোন প্রয়োজনে বিএনপি নেতাকর্মীদের পাশে পাবেন।
এসময় বায়তুল মোকাদ্দেম মসজিদ মুসল্লি কমিটির উপদেষ্টা মো. আবু জাফর বিশ্বাস, সভাপতি মো. আবু জাফর মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, অর্থ সম্পাদক সৈয়দ দিদারুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাদ্দেম মসজিদের ইমাম ও খতিব মো. রইসুল ইসলাম।



































































