নিজস্ব প্রতিবেদক : চলছে পবিত্র মাহে রমজান। আর এই রমজান শেষ হওয়ার আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়েই আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং এখন বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করার কাজ চলছে।
কত পরিবার এই কার্ডের আওতায় আসবে-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উদ্যোগটি মূলত সার্বজনীনভাবে পরিকল্পনা করা হয়েছে। এতে কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। তবে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যারা হতদরিদ্রদের দিয়ে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকেও এই সুবিধার আওতায় আনবে।
রমজানেই কার্যক্রম শুরু হবে কি না জানতে চাইলে তিনি জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রীর আগ্রহের কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারপ্রধান চান অন্তত পরীক্ষামূলকভাবে ঈদের আগে প্রকল্পটি শুরু হোক।
এদিকে, ফ্যামিলি কার্ড আগামী অর্থবছরে চালু না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে-এমন মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড চালু হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সরকার কেবল এর কার্যক্রম কীভাবে শুরু করা যায়, সেই প্রক্রিয়া চূড়ান্ত করছে।



































































