মো. মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। ভ্রাম্যমাণ আদালতে পণ্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩টি এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ১০৯ ধারায় লাইসেন্স নবায়ন না থাকায় ১টিসহ মোট ৪টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। এর মধ্যে মামুন স্টোরের মালিক মো. মামুন মিয়াকে ৫ হাজার টাকা, সুজন স্টোরের মালিক সুজনকে ৫ হাজার টাকা, মা ব্রয়লার হাউজের মালিক কামালকে ৫ হাজার টাকা ও মেসার্স সাহা ব্রাদার্সের মালিক রতন সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে কালীগঞ্জবাসীর কষ্ট লাঘব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঠিক মূল্য ক্রয়সীমার মধ্যে রাখতে উপজেলা প্রশাসন থেকে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



































































