ডেস্ক রিপোর্টঃ ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে যা জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী দেশের টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত। গতকাল রোববার এ কমিটি অনুমোদন করা হয় গত কয়েকটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত এবং পাঁচ সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে।
আগামী ৯০ দিনের মধ্যে নতুন কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে ফোরামকে একটি স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
এ কে এম ওয়াহিদুজ্জামানসহ একাধিক বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রকৌশলী রাফেল কবির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং রওশন কামাল জেমস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
‘দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে জাতীয়তাবাদী পেশাজীবীদের সমন্বয়ে একটি শক্তিশালী থিংক-ট্যাঙ্ক ও নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা নীতি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জাতীয় অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।’ এমনটাই বলেন প্রধান উপদেষ্টা এ কে এম ওয়াহিদুজ্জামান।
প্রকৌশলী রাফেল কবির নতুন এ ফোরামের সভাপতি হিসেবে বলেন, ‘দেশের আইসিটি খাতের জাতীয়তাবাদী চিন্তার উদ্যোক্তা ও পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই ফোরাম। আমরা প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নীতিনির্ধারণে গঠনমূলক প্রস্তাব এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে চাই। আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ আমাদের প্রথম অগ্রাধিকার।’
‘জাতীয় উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে আইসিটি খাতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ফোরাম কাজ করবে। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি উদ্যোক্তা, পেশাজীবী ও তরুণদের একত্রিত করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করা হবে।’ -এমনটাই বললেন সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস।
সরকারের সাথে আইসিটি খাতের পলিসি প্রনয়নের ক্ষেত্রে মতামতসহ এই জাতীয়তাবাদী আইসিটি ফোরামের মাধ্যমে দল থেকে বিভিন্নভাবে একটি সুসংগঠিত ও সক্রিয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রত্যাশা করা হচ্ছে।



































































