ডেস্ক রিপোর্টঃ নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক সরকারি–বেসরকারি স্কুল পুরো রমজান মাসে বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। আজ সোমবার এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন। সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা তাকে সহযোগিতা করেন। এর আগে গতকাল রোববার হাইকোর্ট সরকারি–বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল পুরো রমজান মাসে বন্ধ রাখতে নির্দেশ দেন।
এ আদেশ দেন বিচারপতি মো. আসিফ হাসান ও বিচারপতি ফাহমিদা কাদের এর হাইকোর্ট বেঞ্চ। অ্যাডভোকেট তানজিনা ববি লিজা ও আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল আদালতে রিটের পক্ষে শুনানি করেন।
রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে এর আগে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।
গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল সরকারকে আইনি নোটিশ দেন পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখতে। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান।



































































