ডেস্ক রিপোর্টঃ মৃত্যুর গুজব উঠেছে জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের। গতকাল রোববার রাতে তিনি মারা গেছেন বলে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দেখা গেছে। তবে বর্তমানে এই অভিনেতা জীবিত আছেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন হারুন কিসিঞ্জার। পারিবারিক সূত্রে এমনটাই জানা গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন গত কয়েকদিনের তুলনায় তিনি অনেকটা সুস্থ। আশা করা হচ্ছে, সব ঠিক থাকলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় ফিরতে পারবেন আগামী দুই-একদিনের মধ্যেই।
হারুন কিসিঞ্জারের ছেলে রুবেল খন্দকার বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল রোববার রাতে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এটাকে ‘নোংরা গুজব’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কিছু অসাধু ও সস্তা ভিউ-লোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যে সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা। আজ সোশ্যাল মিডিয়ার এই বিশৃঙ্খল অবস্থার জন্য এই ফালতু লোকগুলোই দায়ী।
এছাড়া তিনি আরও বলেন, এখন আগের চেয়ে সুস্থ আছেন তার বাবা। সেইসাথে তিনি দাবী জানান, সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কঠোর শাস্তি দেয়ার।
নব্বই দশকে ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে হারুন কিসিঞ্জার পরিচিতি লাভ করেন। একাধিক প্রযোজনাতেও তাকে দেখা গেছে ছোট পর্দার পাশাপাশি। দীর্ঘদিন অনিয়মিত থাকলেও এখনো দর্শকদের স্মৃতিতে রয়েছে তার সংলাপ ও অভিনয়ের ধরন।



































































