ডেস্ক রিপোর্টঃ সরকার প্রধান ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এবার প্রথমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে। বঙ্গভবনের দরবার হলের দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার এই অনুষ্ঠান হচ্ছে।
আগামীকাল মঙ্গলবার বিকাল ৪ টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন। একই সাথে শপথ নেবেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করাবেন। বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংসদ সচিবালয় সূত্রে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে মঙ্গলবার দিনটি শুরু হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন সকাল ১০ টায়। আর বিকাল ৪ টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রথমে নতুন প্রধানমন্ত্রীকে ও পরে মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথীকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। আমন্ত্রিতদের মধ্যে দিল্লির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়া বিদেশি অতিথিদের তালিকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার রয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।
আইন উপদেষ্টা গতকাল রবিবার সাংবাদিকদের জানান, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে নতুন সরকারের এই শপথ অনুষ্ঠান ঘিরে।
এবারের শপথ অনুষ্ঠানে একটি বিশেষত্ব থাকছে বলে জানা গেছে। সাধারণ শপথের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও একটি পৃথক শপথ গ্রহণ করবেন নির্বাচিত সংসদ সদস্যরা।



































































